দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রায়হান উদ্দিন (৩৫), রাসেল খান (৩২), আলাউদ্দিন (২৮) ও আব্দুল্লাহ (২৮)। তাদের মধ্যে রায়হান উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা দক্ষিণের বংশাল থানাধীন ৩২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের দপ্তর সম্পাদক বলে জানিয়েছে ডিবি।
ডিবি জানায়, ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন পথচারী গুরুতর আহত হন। ঘটনার পর যাত্রাবাড়ী থানা পুলিশের পাশাপাশি ডিবি ওয়ারী বিভাগ ছায়া তদন্ত শুরু করে। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।
শনিবার রাতে বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডেমরার ডগাইর এলাকায় অভিযান চালিয়ে রাসেল খান, আলাউদ্দিন ও আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।
ডিবির ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ থানাধীন জেন সাহা রোডের একটি ১০ তলা ভবনের নিচতলার পার্কিং এলাকা থেকে লাল কসটেপে মোড়ানো চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। পরে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করে।
ডিবির উপকমিশনার মোল্লা মো. শাহীন বলেন, প্রাথমিকভাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এসব ঘটনা ঘটানো হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও কারা জড়িত এবং ঘটনার পেছনে কী উদ্দেশ্য ছিল, তা জানতে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানান তিনি।
এমএম/